আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি

আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি

ফন্ট সাইজ:

মিস ইউনিভার্সের মঞ্চে এবার বাংলাদেশের প্রতিযোগী ছিলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। তবে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি। যদিও দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। এদিকে, মাহির যাত্রা এখানে থেমে গেলেও আত্মবিশ্বাস খুঁজে পাওয়া গেল তার কণ্ঠে। তিনি গতকাল এক পোস্টে লিখেছেন- জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন।

আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন- সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্ব মঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি।

তবুও আজ একটা কথা বলতে চাই, আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে, সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। মাহি আরও বলেন, বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।