ক’দিন আগেই মুক্তি পেয়েছে আশনা হাবিব ভাবনা অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’। ছবিটি পরিচালনা করেছেন ভাবনার বাবা হাবিবুর রহমান হাবিব। এটি তার তৃতীয় সিনেমা। এদিকে দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমি ও পারিবারিক গল্পের সিনেমা ‘যাপিত জীবন’ গত শুক্রবার দেশের ২১টি হলে মুক্তি পেয়েছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের সিনেমাটি এরই মধ্যে নানা শ্রেণির দর্শক উপভোগ করেছেন। খোদ ভাবনা ছবিটি দেখেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে নিয়েও। পাশাপাশি প্রিমিয়ারে সিনেমাটি উপভোগ করেছেন ভাবনার সহকর্মীরা। অন্যদিকে, তৃতীয় লিঙ্গের ৩০০ জন মানুষকে নিয়েও ছবিটি দেখেছেন তিনি। এদিকে, ছবিটি মুক্তির আগেই ভাবনার ফেসবুক আইডিটি নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান।
যে কারণে পুরোদমে প্রচারণা করতে পারেননি তিনি। তবে ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ভাবনা সবাইকে ছবিটিকে ভালোভাবে গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভাবনা বলেন, আজও অনেক দর্শক ‘যাপিত জীবন’ দেখতে গিয়েছেন। সবাই প্রশংসা করছেন। আমার ফেসবুক আইডি হারালেও দর্শকই ছবিটির প্রচারণা করে দিচ্ছেন। বেশ কিছু ভিডিও পাচ্ছি দর্শকদের। তারা ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেসব দেখে আমি আনন্দিত হচ্ছি, আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমি মনে প্রাণে সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা এখনো দেখেননি তাদের আমন্ত্রণ জানাচ্ছি ছবিটি দেখার জন্য। কথা দিচ্ছি, ছবিটি খুব ভালো লাগবে সবার।
