পৌর কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী ওই আশ্বাস দেন। সেখানে মন্ত্রীর কাছে দেশের বিভিন্ন পৌরসভার চলমান সমস্যা ও কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা হয়।
মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো যতদ্রুত সম্ভব সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে ফেডারেশনের পক্ষ থেকে মাস শেষে বেতন এবং চাকরি শেষে রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশন দেয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন সুবিধা প্রদান, সার্ভিস রুল সংশোধন, বৈষম্যমূলক বদলি পরিপত্র বাতিল এবং মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক শেখ সামসুজ্জামান আহমদ, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মো. জাকির হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান, বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও পৌরসভার কর নির্ধারক আহমেদুর রহমান কাজল এবং সহকারী কর আদায়কারী মো. নূরুন্নবী।
মতবিনিময়কালে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
