ঐতিহাসিক জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানার ৬২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আন্তঃস্কুল চিত্রাঙ্কন, কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার শেখদী আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সদস্য এবং ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সৈয়দ আহমেদ।

প্রতিযোগিতায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে গঠিত নিরপেক্ষ জুরি বোর্ড মূল্যায়নের মাধ্যমে ১৬০ জনেরও বেশি শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিয়া মানবজমিনকে বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
তিনি জানান, অত্র এলাকার ১৭টি স্বনামধন্য উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের প্রায় ২ হাজার ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গত ৩রা ও ৪ঠা আগস্ট নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ৫ই আগস্ট চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
শেখদী আব্দুল্লাহ মোল্লা উচ্চ বিদ্যালয়, অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুল, নর্থ সাউথ ক্রিয়েটিভ স্কুল, কুতুবখালী উচ্চ বিদ্যালয়, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুল, নিউ ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইলমুন নূর আইডিয়াল স্কুল, শেখদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্লোরি মডেল স্কুল (জিএমএস), গোলাপ কুঁড়ি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মিশন স্কুল অ্যান্ড কলেজ, চাইল্ড হেভেন আইডিয়াল স্কুল, এডু এইড স্কুল, লাইসিয়াম আইডিয়াল হাই স্কুল, ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউট এবং মেরিগোল্ড আইডিয়াল স্কুল।
