গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল

ফন্ট সাইজ:

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে পবিত্র কুরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা, তাদের পরিবারের শান্তি ও কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যাকাত বিভাগের পরিচালক ড. হাফেজ মাওলানা ওয়ালীয়ুর রহমান খান।

দোয়া ও মোনাজাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি-শৃঙ্খলা রক্ষা, দেশবাসীর পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর রহমত ও সহায়তা কামনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ইসলাম শান্তি, মানবিকতা, ন্যায়বিচার ও কল্যাণের শিক্ষা দেয়। তাই দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন