পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর রুশ নাগরিক পাবনা এসআরটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
সূত্রমতে, নিহত কুদরিন সার্গেই (৫৬) রাশিয়ার নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রসসেম-এ আল্ট্রাসনিক টেস্টিং ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রিন সিটির ওই কক্ষেই বসবাস করতেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পাবনা এসআরটি হাসপাতালে নেয়ার পথে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায় ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ভাষ্য, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
