‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যার নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধারা রয়েছেন। অনুষ্ঠানে দলটির সম্পাদক হিসেবে মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র হিসেবে ইকবাল হোসেনের (সাম্য শাহ) নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে ৩৭ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়। কমিটিতে ২১ জন সংগঠক এবং ১৪ জন সদস্য রয়েছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা জুলাই গণ-অভ্যুত্থান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতাকে রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি হিসেবে বিবেচনা করে। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হয়। জানানো হয়, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সেই জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণের প্ল্যাটফরম হতে চায় ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’। দেশের সব দেশপ্রেমিক নাগরিককে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তারুণ্য। এখনো দেশের মানুষ তরুণদের দিকেই আশা নিয়ে তাকিয়ে আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট এখনো পুরোপুরি কাটেনি। দেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব ও হস্তক্ষেপের আশঙ্কা এখনো বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলে সবার অংশগ্রহণে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একটি পক্ষ গালাগালি ও বিদ্বেষকে রাজনীতির অংশে পরিণত করতে চায়; যা তরুণদের বিপথগামী করছে। বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সংগঠকদের এ ধরনের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে তরুণদের বের করে এনে আলোর পথ দেখাতে হবে এবং ইতিবাচক ধারার রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদ প্রমুখ।
