দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬। এ উপলক্ষ্যে রবিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় এবং অংশগ্রহণ, মূল্যায়ন ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। সেই আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি- এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আয়োজনের ব্যাপক সাড়া এবং অংশগ্রহণের অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও বৃহত্তর পরিসরে প্রতিযোগিতাটি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে প্রথম আসরের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু সীমাবদ্ধতা দূর করে বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা এবং সামগ্রিক আয়োজনকে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার এবং স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়নের ধাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান, অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম, আইডেব-এর নির্বাহী কমিটির সদস্য, সংগঠনের সদস্য, ইন্টেরিয়র ডিজাইন খাতের পেশাজীবী, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।
সংবাদ সম্মেলনে আইডেব সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, ‘বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করুন। পাশাপাশি এই প্রতিযোগিতা পেশাগত মানোন্নয়ন এবং ক্লায়েন্টদের কাছে গুণগত ডিজাইনের গুরুত্ব তুলে ধরতেও ভূমিকা রাখবে।’
অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ভাইস প্রেসিডেন্ট ও স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাঁদের সেরা কাজ নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই আয়োজন শুধু পুরস্কার অর্জনের সুযোগ নয়, বরং দেশের ইন্টেরিয়র ডিজাইন চর্চাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সুইস গ্লোবাল-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, ‘বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন শিল্পের পরিধি ও সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। গত এক দশক ধরে আমরা এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ দেশের ডিজাইন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডেব-এর উপদেষ্টা শফিউল ইসলাম, সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সদস্য, দেশের ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি, সংশ্লিষ্ট নির্মাণ ও ইন্টেরিয়র পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রসঙ্গত, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬- এর সার্বিক আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) এবং আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।
