ঢাবির স্নাতক ভর্তির আবেদন শুরু ১১ই নভেম্বর, পরীক্ষা ৫ই ডিসেম্বর

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ই নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবার ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএ ছাড়া সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে। আইবিএ’র পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চারুকলা ও আইবিএ ছাড়া অন্য তিন ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলায় ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন এবং আইবিএতে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা থাকবে।

ভর্তি পরীক্ষার ১০০ ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফলের ২০ নম্বরসহ মোট ১২০ নম্বরে মূল্যায়ন করা হবে। ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১-২০২৪ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে জিপিএর পৃথক শর্তও নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে আগামী ২৮শে মার্চ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন