সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ডিঙ্গি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজরা হলেন, উপজেলার ভবানীপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর গ্রামের কয়েকজন ডিঙ্গি নৌকায় করে জগন্নাথপুর পৌরসভার পাশের মইয়ার হাওরের বালুচল এলাকার একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩টার দিকে তারা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হলেও বাকি তিনজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। আমরাও ঘটনাস্থলে অবস্থান করছি এবং উদ্ধার কার্যক্রম তদারকি করছি।
