রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে শনিবার সকালে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। প্রথম ঘটনায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে এর ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অপরদিকে, তেজগাঁও থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
এদিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কনকোর্স লেভেলের বি গেট লবিতে একটি সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায়।
ডিএমটিসিএল জানায়, বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত এমআরটি পুলিশের সদস্যদের অবহিত করা হয়। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার স্বার্থে স্টেশনের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। একই সঙ্গে যাত্রী ও সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে নিরাপদে স্টেশন এলাকা থেকে সরিয়ে নেয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে নিয়ন্ত্রিত বিস্ফোরণ সম্পন্ন করে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, ব্যাগটির মধ্যে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না। পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করার পর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয়। বর্তমানে ট্রেন চলাচল ও যাত্রীসেবা পূর্বের মতোই অব্যাহত রয়েছে।
