অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শুক্রবার রাতে। এরপর ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে- এমন দাবি তার পরিবারের।
গত ২৮ জুলাই দুপুরে উপজেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নির্যাতনের ঘটনাটি ঘটে। ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ জুলাই ওই ছাত্রীকে বিদ্যালয়ের বাইরে থেকে এবং তরুণকে তার বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ে আনা হয়। আগের দিন তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েছিলেন বলে কয়েকজনের দাবি করেছেন। পরে বিদ্যালয়ের ভেতর একটি দেবদারুগাছের সঙ্গে গামছা দিয়ে তাদের একসঙ্গে বাঁধা হয়। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের উপর নির্যাতন চালানো হয়।
এই ঘটনার তিনদিন পার হলেও এখনও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
তবে প্রধান শিক্ষক ইন্দ্রজিত সরকার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার দিন তিনি বিদ্যালয়ে ছিলেন না- এমন দাবি তার। ওদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও ঢাকায় ছিলেন। তিনি ফিরে এলে তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে নয়ন বাড়ৈ, জয় শিকদার, মিশন রায়সহ আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। নয়ন বাড়ৈয়ের ভাষ্য, ‘আপত্তিকর অবস্থায় ধরার পর এলাকার কয়েক যুবক আমার বাড়ির ওপর দিয়ে নিয়ে যাচ্ছিল। তাদেরকে বিদ্যালয়ে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দিই। তবে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই।’
স্থানীয় লোকজনের দাবি, নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়া, অপমান ও মানসিক যন্ত্রণার কারণে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।
ওদিকে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান।
স্কুলে একসঙ্গে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, আত্মহত্যার চেষ্টা
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
১ আগস্ট (শনিবার), ২০২৬, ৩ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
