তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এখনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে বাংলাদেশ সেটাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
’মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক জনসভায় বক্তব্যে জানান, বাংলাদেশ থেকে ৩ লাখ ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার রাজি হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয় নাই। মিয়ানমার সরকারের সঙ্গে আমরা আলোচনার চেষ্টা করছি। সেটা তো উনি (মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম) মালেয়েশিয়া থেকে বলেছেন। যদি তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় তাহলে অবশ্যই আমরা সেটা সাধুবাদ জানাবো। এটা অত্যন্ত একটা ভালো সুসংবাদ হবে। আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করছি। এখনো ডেফিনেট কিছু আমরা জানি না।
আরব আমিরাতে ভিসা জটিলতার বিষয়ে শামা ওবায়েদ বলেন, গতকাল পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সংযুক্ত আবর আমিরাতে আমাদের কিছু ভাইদের ভিসা বাতিল হচ্ছে। ৫ হাজার বলা হয়েছে, এই সংখ্যাটি তথ্যটি সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশির ভিসা ‘অটো-ক্যানসেল’ হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এটি শুধু বাংলাদেশিদের ক্ষেত্রেই ঘটেনি; নেপাল, পাকিস্তান, মিসর ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকদের ক্ষেত্রেও ক্যানসেলের ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে হয়েছে। আমি বলতে চাই, যেসব দেশে আমাদের বাংলাদেশিরা কাজ করছেন, সেই দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি। আর এই ৬২৬ জনের মধ্যে ৪১৭ জনের তালিকা ইতিমধ্যে ভিসা নবায়নের জন্য পাঠানো হয়েছে। বাকিদের তথ্যও পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে।
