আইনি জটিলতায় অ্যান্থনি ফাউচি

কংগ্রেসে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি

আইনি জটিলতায় অ্যান্থনি ফাউচি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিজের ভূমিকা নিয়ে কংগ্রেসের শুনানিতে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি। এ কারণে তার বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগে ভোট হতে পারে। বুধবার অনুষ্ঠিত উত্তপ্ত শুনানিতে সাবেক এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ ১০০ বারেরও বেশি যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী নিজের দোষ স্বীকারে বাধ্য না হওয়ার সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন। শুনানি শেষে কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল বলেন, আমার মনে হয় তাকে এ কারণে বিচারের মুখোমুখি হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। র‌্যান্ড পল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, ফাউচি করোনাভাইরাসের উৎস গোপন করার চেষ্টা করেছেন এবং চীনের উহানের একটি গবেষণাগারে অর্থায়ন করেছিলেন। সেখান থেকে মহামারির সূত্রপাত হয়েছে বলে একটি তত্ত্বে দাবি করা হয়। তবে ফাউচি সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তার বিরুদ্ধে শেষ পর্যন্ত কোনো অভিযোগ আনা হবে কি না, তা স্পষ্ট নয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) সাবেক পরিচালক ফাউচিকে সিনেট কমিটি অন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স জিজ্ঞাসাবাদ করে। তিনি কমিটিকে জানান, তার আইনজীবীদের পরামর্শেই তিনি পঞ্চম সংশোধনীর অধিকার প্রয়োগ করছেন। যুক্তরাষ্ট্রে নিজেই ফিফথ অ্যামেন্ডমেন্ট প্রয়োগ করা কোনো অপরাধ নয়। দেশটির বিচারব্যবস্থায় ফৌজদারি তদন্তে অভিযুক্তরা নিয়মিতই এই সাংবিধানিক অধিকার ব্যবহার করেন। উল্লেখ্য, ডনাল্ড ট্রাম্পও ২০২২ সালে নিউইয়র্কে ট্রাম্প অর্গানাইজেশন-সংক্রান্ত একটি দেওয়ানি মামলায় জবানবন্দি দেয়ার সময় একাধিকবার একই অধিকার প্রয়োগ করেন।

র‌্যান্ড পল জানান, আগামী সপ্তাহে তার নেতৃত্বাধীন কমিটি ফাউচিকে কংগ্রেস অবমাননার দায়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাবে ভোট দেবে। সিবিএস নিউজ জানিয়েছে, কমিটিতে প্রস্তাবটি পাস হলে সেটি পূর্ণাঙ্গ সিনেটে যাবে। তবে সেখানে এটি পাস করাতে ৬০টি ভোট প্রয়োজন হবে। সে ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্রেটদেরও সমর্থন লাগবে, যা রাজনৈতিকভাবে কঠিন বলে মনে করা হচ্ছে। সিনেটে প্রস্তাবটি পাস হলে সম্ভাব্য বিচারের জন্য তা ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার প্রধান ফেডারেল প্রসিকিউটরের কাছে পাঠানো হবে।

ক্ষমতা ছাড়ার আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময়কার কর্মকাণ্ডের জন্য ফাউচিকে রাষ্ট্রপতির আগাম ক্ষমা দেন। তবে ২০২৫ সালের পরের কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে, এমনকি সিনেট কমিটির সঙ্গে তার আচরণ নিয়েও আইনি পদক্ষেপের সুযোগ থাকতে পারে। র‌্যান্ড পল স্বীকার করেন, বাইডেনের দেয়া ক্ষমা ফাউচিকে কতটা আইনি সুরক্ষা দিয়েছে, সেটি আদালতের সিদ্ধান্তের বিষয় হতে পারে। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের ক্ষমা শুধু ফেডারেল অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য, অঙ্গরাজ্য পর্যায়ের মামলায় নয়। এদিকে ফ্লোরিডার শীর্ষ প্রসিকিউটর বুধবার জানিয়েছেন, তিনি ফাউচির বিরুদ্ধে তদন্ত শুরু করবেন। তবে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমাইয়ার কী ধরনের অপরাধের অভিযোগ তদন্ত করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

র‌্যান্ড পল বহুবার দাবি করেছেন, কোভিড-১৯ সম্ভবত চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়ে পড়েছিল। গত বছর সিআইএও এই তত্ত্বকে তাদের মূল্যায়নে সমর্থন দেয়। শুনানিতে তিনি দাবি করেন, ফাউচি প্রকাশ্যে ভাইরাসটির প্রাকৃতিক উৎসের কথা বললেও তার ব্যক্তিগত ডায়েরিতে নাকি গবেষণাগার থেকেই ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে বিশ্বাসের ইঙ্গিত রয়েছে। অন্যদিকে রিপাবলিকান সদস্যরা মহামারির সময় স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা পরিবর্তনের বিষয়েও ফাউচিকে প্রশ্ন করেন। ফাউচি এর আগেও বলেছেন, নতুন বৈজ্ঞানিক তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে নীতিমালাও পরিবর্তিত হয়েছিল।

শুনানিতে কয়েকজন ডেমোক্রেট সিনেটর ফাউচির পক্ষে অবস্থান নেন। তাদের মধ্যে ম্যাগি হাসান বলেন, এই শুনানির উদ্দেশ্য ছিল ফাউচিকে ফাঁদে ফেলা। এদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ফাউচিকে ‘পাগল’ বলে আখ্যা দেন। ট্রাম্প লিখেছেন, আমি শুরু থেকেই বলেছিলাম, ভাইরাসটি চীনের উহান গবেষণাগার থেকেই এসেছে। ফাউচি সব সময় এর বিরোধিতা করেছেন এবং চীনকে রক্ষা করার চেষ্টা করেছেন।

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বর্তমানে যে প্রমাণ পাওয়া গেছে, তাতে প্রাণি থেকে মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্বই সবচেয়ে বেশি সমর্থিত। তবে আরও তথ্য না পাওয়া পর্যন্ত ভাইরাসটির প্রকৃত উৎসের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।

কোভিড-১৯ মহামারির সময় এবং পরবর্তী সময়ে ফাউচি একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। গত বছর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার জন্য দেয়া সরকারি নিরাপত্তা প্রত্যাহার করেন। মহামারির সময় ভাইরাস সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহের প্রচেষ্টায় ফাউচি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে বিশ্বস্ত জনস্বাস্থ্য কর্মকর্তাদের একজন হিসেবে বিবেচিত ছিলেন। যদিও পরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, তবু ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ টীকা উন্নয়ন কর্মসূচি অপারেশন ওয়ার্প স্পিডে অবদানের জন্য ডনাল্ড ট্রাম্পই ফাউচিকে একটি প্রেসিডেন্সিয়াল কমেন্ডেশন প্রদান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন