অবশেষে সমঝোতার আভাস মিলেছে। বরিশাল আদালতের অচলাবস্থা কাটাতে আইনজীবী এবং বিচারকরা কঠোর অবস্থা থেকে সরে আসছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার উভয়পক্ষই এক বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। আগামীকাল রোববার সমঝোতা হতে পারে বলে একটি অসমর্র্থিত সূত্র দাবি করেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থি এক আইনজীবী বলেন, আইনজীবীদের আদালত বর্জনের কারণে অচলাবস্থার সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক করতে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. কামরুলের মাধ্যমে মামলার আসামি নয়- এমন তিনজন আইনজীবীকে মহানগর দায়রা জজ তার খাস কামরায় ডেকে সমঝোতা বৈঠক করেন। ওই বৈঠকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাচ্চু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হুমাউন কবির মামুন ও এডভোকেট জসিম উদ্দীন আকন অংশ নেন। বৈঠকে উভয়পক্ষ সমঝোতার পক্ষে কথা বলেছেন বলে জানা গেছে। এ ছাড়া বিষয়টি সুপ্রিয় কোর্ট পর্যন্ত গড়ানোর কারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সমঝোতা চান বিচারকরা। তাতে আগামী রোববার গ্রেপ্তার হওয়া সাদিকুর রহমান লিংকনের জামিন ও মামলা প্রত্যাহার হওয়ার আশ্বাস মিললে সব আইনজীবী স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন বলে বৈঠকে জানান আইনজীবীরা। উভয়পক্ষই বিষয়টি সমঝোতার পক্ষেই রয়েছেন বলে জানান সূত্রটি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুর করার অভিযোগ ওঠে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ জাতীয়তাবাদী আইনজীবীদের বিরুদ্ধে। ১২ জন আইনজীবীর বিরুদ্ধে দায়ের হয় জননিরাপত্তা আইনে মামলা। গ্রেপ্তার হন লিঙ্কন। ফুঁসে ওঠে বিএনপিপন্থি আইনজীবীরা। প্রতিবাদে আদালতের কার্যক্রম বয়কট শুরু হয়। হাইকোর্ট ১২ আইনজীবীর বিরুদ্ধে কেন সাজা হবে না এজন্য রুল জারি করেন। তদন্ত কমিটি ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ করেন। সবমিলিয়ে মুখোমুখি অবস্থানে চলে যান বিচারক ও আইনজীবীরা। বিচারিক কাজ ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন হাজার হাজার বিচার প্রার্থী। আর এ কারণেই সমঝোতার উদ্যোগ চলে পর্দার আড়ালে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজের পক্ষ থেকে মামলার আসামি নন এমন তিনজন আইনজীবীকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে উভয়পক্ষই সমঝোতার বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে। তবে সুপ্রিম কোর্ট অভিযুক্ত ১২ আইনজীবীদের শোকজ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেই লিংকনের জামিন ও সার্বিক বিষয়ে সমঝোতা করার আশ্বাস মিলেছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
অবশেষে স্বস্তির সমঝোতা
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
