দামুড়হুদায় জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে পিতা পুত্রসহ আহত ৭

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনায় পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩) সহ ৭ জন আহত হয়েছেন। এ সময় ঘরবাড়ির সঙ্গে তিনটি মোটরসাইকেলও ভাঙচুর হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা নিয়ে বিরোধের জেরেই পিতা-পুত্রের মধ্যে তর্কের উত্তেজনা চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে, সাইদুরের শ্বশুরকুলের লোকজন মোটরসাইকেলে করে ৭-৮ জনকে নিয়ে গ্রামে ঢুকে পিতা নুর ইসলামের ওপর চড়াও হয়। পরে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া ও পরে আটক করে গণপিটুনি দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ৪ জনকে পুলিশে হস্তান্তর করা হয়। দর্শনা থানার উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, পিতা-পুত্রের মধ্যে দীর্ঘদিনের কলহ এবং বাকবিতণ্ডার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে শ্বশুরপক্ষের লোকজন এসে আরও উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়।
পরে তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা জানান, বিষয়টি আমি শুনেছি উভয়পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন