চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়ম

ফন্ট সাইজ:

চাঁদপুরে জেলে কার্ডধারীদের জন্য সরকার নির্ধারিত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ৮০ কেজি’র স্থলে চাল কম দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন এলাকায় চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, মৈশাদী ইউনিয়নে ২২২ জন জেলে কার্ডধারীর জন্য মোট ১৭ হাজার ৭৬০ কেজি চাল সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়। তবে বিতরণ তালিকায় ২২৫ জনের নাম অন্তর্ভুক্ত থাকায় বরাদ্দকৃত চাল অতিরিক্ত তিনজনসহ ২২৫ জনের মধ্যে বণ্টন করা হয়। হিসাব অনুযায়ী এক্ষেত্রে প্রত্যেককে ৮০ কেজি’র পরিবর্তে ৭৮ কেজি চাল পাওয়ার কথা। সরজমিন দেখা যায়, বিতরণ করা হচ্ছে ৭৪ কেজি করে। চাল গ্রহীতাদের সঙ্গে কথা বললে তারা জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে বরাদ্দ কম হওয়ায় ৮০ কেজি’র পরিবর্তে ৭৬ কেজি করে চাল দেয়া হবে। তবে বাস্তবে মেপে দেখা যায়, অনেকেই ৭৪ কেজি করে চাল পেয়েছেন। একাধিক জেলে কার্ডধারী অভিযোগ করেন, তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও চাল দেয়া হচ্ছে না। বিষয়টি ট্যাগ অফিসারের নিকট জানানো হলে তৎক্ষণাৎ তাদেরকে চাল দেয়ার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে ট্যাগ অফিসার রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের তালিকাভুক্ত জেলের সংখ্যা ২২৫ জন। কিন্তু খাদ্য বরাদ্দ এসেছে ২২২ জনের জন্য। তাই বরাদ্দকৃত ১৭ হাজার ৭৬০ কেজি চাল ২২৫ জনের মধ্যে বিতরণ করা হচ্ছে।
সে হিসাবে ৮০ কেজি’র স্থলে ৭৮ কেজি করে দেয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা শংকর আচার্য্য বলেন, চাল নিয়ে কোনোরকম অনিয়ম হয়নি। নিয়ম মেনে চাল বিতরণ করা হচ্ছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন