পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে বাড়ি পুড়ে ছাই

ফন্ট সাইজ:

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সোহান নামের এক কৃষকের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোহানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের রফিকুলের পুত্র সোহান দুপুরে জুমার নামাজ পড়তে মসজিদে গেলে বাড়িতে মহিলা সদস্যরা কাজ করছিল। এ সময় হঠাৎ শোয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ঘরের টিন, কাপড়-চোপড়সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।

এ সময় সোহানের বাড়ির পাশে বিশু নামের অপর একজনের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন