চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা, একজনের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় সাত বছর বয়সী শিশু মাহফুজ হত্যা মামলায় মো. আল আমিন (৪৪) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যার পর মরদেহ গোপনের দায়ে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য, জব্দ করা আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আল আমিনকে মৃত্যুদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় হত্যার আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার অপরাধে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা পুতিহারা গ্রামের প্রয়াত জিন্নাত আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৫ই সেপ্টেম্বর সকালে হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরে ঘটনাটি আড়াল করার উদ্দেশ্যে তার মরদেহ পাশের বেড়িবাঁধসংলগ্ন একটি খালে ফেলে দেয়া হয়। ঘটনার পর নিহত শিশুর বাবা মো. মাহাবুব হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১৭ সালের ২৭শে এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় এক দশক পর আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করলো আদালত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন