‘অনলাইন এডিটরস ফোরাম’–এর আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। আর সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠনটি মঙ্গলবার (২৮ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার এক বৈঠকে খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলামের প্রস্তাব এবং উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সমর্থনে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এই কমিটি গঠনতন্ত্র প্রণয়ন করে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নেবে।
ফোরামের নির্বাহী সদস্যরা হলেন, বাংলানিউজ২৪ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, জাগোনিউজ২৪ডটকমের সম্পাদক কে. এম. জিয়াউল হক, বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক মো. শাহাদাত হোসেন ও রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়। আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ।অনলাইন এডিটরস ফোরামের সদস্য প্রতিষ্ঠান হলো, ঢাকা স্ট্রিম (dhakastream.net), রাজনীতি ডটকম (rajneete.com), জাগোনিউজ২৪ডটকম (jagonews24.com), ঢাকা পোস্ট (dhakapost.com), ইউএনবি (unb.com.bd), বাংলানিউজ২৪ডটকম (banglanews24.com), সারাবাংলা (sarabangla.net), খবর সংযোগ (khoborsangjog.com), দ্য ডেল্টাগ্রাম (thedeltagram.com), নিউজবাংলা২৪ ডটকম (www.newsbangla24.com), এনার্জি অ্যান্ড পাওয়ার (ep-bd.com), নিউজনেক্সট (newsnextbd.net), ডেইলি খবর (dailykhabar24.com), ঢাকা মেইল (dhakamail.com), বাংলা ট্রিবিউন (banglatribune.com), দেশ সমাচার (deshshamachar.com), রাইজিংবিডি (risingbd.com), সোনালী নিউজ (sonalinews.com), ম্যাজিক বাঙলা টিভি (magicbanglatv.com)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষস্থানীয় ১১টি অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশকেরা গত ৮ জুলাই তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন না দেওয়াসহ এই খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া তুলে ধরেন।
তথ্যমন্ত্রী সম্পাদকদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে সরকার ও নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে সমন্বিত আলোচনা এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। একইদিন জাতীয় প্রেস ক্লাবে এক বৈঠকে উপস্থিত প্রকাশক ও সম্পাদকেরা ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠনের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আহ্বায়ক কমিটি গঠন হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনে অংশীজন হিসেবে সরকারকে সহায়তা করা। একইসঙ্গে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোরামে নতুন সদস্য অন্তর্ভুক্তি, গঠনতন্ত্র প্রণয়ন এবং তার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নেবে আহ্বায়ক কমিটি।
অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
বিবিধ
১ ঘন্টা আগে
২৯ জুলাই (বুধবার), ২০২৬, ১২ঃ২১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
