মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

কুমিল্লা-৬ আসনের এমপি ও আলহাজ মো. মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লা সনাতনী সমাজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাকে জড়িয়ে সেই মহলটি মিথ্যা, কুৎসিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন- মনিরুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকেই কুমিল্লা-৬ আসনের বেশ কিছু উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা ওয়াসা ইতিমধ্যে গঠিত হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণের বিষয়টিও ইতিমধ্যে বাজেটে অনুমোদন হয়েছে। এ ছাড়াও যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন এবং কুমিল্লা শহরকে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গেল মে মাসে বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন। তার মৃত্যুর পর তার পরিবার ও শিশু সন্তানকে সান্ত্বনা দিতে তার বাসায় ছুটে যান মানবিক এমপি ও কুমিল্লা গণমানুষের নেতা মনিরুল হক চৌধুরী। তিনি নিহত বৈরাগীর বাবা-মা, স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

তাদের একমাত্র সন্তান বুলেট বৈরাগীকে হারিয়ে পরিবার যখন দিকপালহীন হয়ে পড়েছে তখন তাদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনি বুলেট বৈরাগীর পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন। তিনি বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে তিনি সংসদে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলেছেন। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সনাতনী সমাজে বিষয়টি ইতিবাচক ভাবে প্রশংসিত হয়। কিন্তু এমন একটি মহৎ কাজকে ভিন্ন অর্থ দাঁড় করিয়ে একটি বিশেষ মহল অপপ্রচার করছে।
গত কয়েকদিন ধরে একটি দলের এমপিকে ঘিরে কিছু কুরুচিপূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সে ইস্যুকে ধামাচাপা দিতে ও ভিন্ন মোড় ঘোরাতে তারা একজন মানবিক ও ধর্মপ্রাণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে এ ধরনের কুৎসিত অপপ্রচার রটাচ্ছে। যা অত্যন্ত গহীত ও নিন্দনীয় কাজ বটে। আমরা সকল সনাতনী সমাজ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ওই সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি অচিন্ত্য দাশ টিটু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশ কুমিল্লা ব্যুরো চিফ দীলিপ মজুমদার ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ডা. বনশ্রী সাহা। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ সহ-সভাপতি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সনজিৎ দেবনাথ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল দত্ত, সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই, সাধারণ সম্পাদক পিংকু চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সাহা ও রিংকু ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক সুব্রত চৌধুরী তপু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল চন্দ্র কুণ্ডু, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাগর চন্দ্র দাসসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন