বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দিনের প্রথম কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় কুতুবপুর স্বনির্ভর খালের দুইপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গৌরনদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি খালের দুই পাড়ে চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। এরপর দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-২০২৬-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সুস্থ ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে প্রযুক্তির পাশাপাশি মাঠমুখী হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিমের সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
