কক্সবাজারের উখিয়ার রেজুখাল বিজিবি চেকপোস্টে বিশেষ অভিযানে দুই যুবকের পেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সৈকত শাটল বাসে তল্লাশিকালে এ ঘটনা ঘটে। আটকরা হলো, গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরের মো. ফারুক রহমান (২২) ও নেত্রকোণার মো. শাহ আলম (২১)।
৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তাদের পায়ুপথ দিয়ে বিশেষ কৌশলে বহন করা এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
