সাভারের আশুলিয়ার চাড়াবাগ এলাকার একটি পরিত্যক্ত কূপ থেকে ১৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সকালে চারাবাগ উত্তরপাড়া এলাকার কূপ থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান (১৮) বরিশালের মুলাদি থানা এলাকার বাসিন্দা ও আশুলিয়ায় একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, মেহেদী সকালে একটি পরিত্যক্ত কুয়ার ভেতর পড়ে যায়। পরে স্থানীয়রা জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ সময় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় পরিত্যক্ত কুয়া থেকে মেহেদীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কুয়ার বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হতে পারে।
