সিরাজগঞ্জে ‘স্ত্রীকে হত্যা’র পর স্বামী পলাতক

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধারের সময় থেকে স্বামী পলাতক বলে জানা গেছে। এর আগে সোমবার রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া খাতুন (২৪) ওই গ্রামের সোহবার আলী সেখের মেয়ে ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা শাহপরানের স্ত্রী। তবে তিনি শ্বশুরবাড়ি বিষমডাঙ্গাতেই বসবাস করতেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় পাঁচ বছর আগে শাহপরান বিদেশে থাকা অবস্থায় তানিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। পরে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

শাহপরানের পরিবারে কেউ না থাকায় ঘরজামাই হিসেবেই থাকতেন। পাশাপাশি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘরের মধ্যে তানিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজন। পরে থানায় বিষয়টি জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতের কোনো একসময় তানিয়াকে মসলা পেষার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করবে বলে তিনি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন