ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। ঝালকাঠি জেলা পরিষদের তিন লাখ টাকা অর্থায়নে মিনি শিশু পার্কের সংস্কার কাজ সম্পন্ন হবে। মঙ্গলবার সকাল ১০টায় তিনি প্রথমে নলছিটি থানা পরিদর্শন করেন। পরে নলছিটি পৌরসভা ও নলছিটি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
জেলা প্রশাসক নলছিটি পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং নলছিটিতে সরকারি খাসজমি উদ্ধার ও প্ল্যানবিহীন ভবনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এসময় সঙ্গে ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও পৌর প্রশাসক মো. রেজভী আহমেদ সবুজ, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন।
