রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলের এক টিউবে চলবে যানবাহন

ফন্ট সাইজ:

নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী চার রাত ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালনা করা হবে। এ সময় যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ থেকে ৩১শে জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’-যেকোনো একটি টিউব দিয়ে উভয়মুখী যান চলাচল ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিক পরিস্থিতির কারণে টানেলের উভয় প্রান্তে যানবাহন সাময়িকভাবে থামিয়ে রাখা হতে পারে।

এতে চালক ও যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকর পরিচালনা নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেয়া হয়েছে। কাজ চলাকালে চালক, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন