কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের ঘাটতি নেই, মজুত পর্যাপ্ত রয়েছে; তবে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। তিনি মঙ্গলবার গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। কৃষি সচিব ড. রফিকুল-ই-মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জিকেএম মোস্তাফিজুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরসহ বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল-ই-মোহামেদের সভাপতিত্বে মতবিনিময় ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ছাড়াও বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদরি, ড. ফারুক আহমেদ, পরিচালক (গবেষণা), গাকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, ব্রি মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
বারি’র বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ) রোগ প্রতিরোধ সক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৯২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১,৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। এর আগে মন্ত্রী কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবিত পণ্য ও গবেষণা স্টল পরিদর্শন করেন। এসময় কৃষি বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
