বান্দরবানের থানচি-রুমা দুই উপজেলার সীমান্তে দুর্গম বাকলাইপাড়া এলাকায় যোগাযোগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং ১৬ ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন পাড়াবাসীর কাছে দুটি চাঁদের গাড়ি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালের কাইতন পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এনডিসি, পিএসসি আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে থানচি ১৬ই বেঙ্গলের জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ আতিকুল করিম পিএসসি, বলিপাড়া জোন ৩৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইয়াছির আরাফাত হোসেন, ১৬ই বেঙ্গলের মেজর আসিফ জোবায়ের, থানচি উপজেলা নির্বাহী অফিসার আল ফয়সাল, সেনা রিজিয়নের ক্যাপ্টেন সামিউল ইসলাম, বান্দরবান বম কাউন্সিলের সভাপতি ও পাবর্ত্য জেলা পরিষদ সদস্য লালজার বমসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সেনা রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডও পরিচালনা করে আসছে। এই উদ্যোগ দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে একইস্থানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল টিম এলাকার গরিব অসহায়দের মাঝে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন।
