পাবিপ্রবি’র ৮ বিভাগে নেই অধ্যাপক, শিক্ষা ছুটিতে ৫৫ শিক্ষক

পাবিপ্রবি’র ৮ বিভাগে নেই অধ্যাপক, শিক্ষা ছুটিতে ৫৫ শিক্ষক

ফন্ট সাইজ:

প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আটটি বিভাগে একজনও অধ্যাপক নেই। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের মধ্যে মাত্র ১৩টি বিভাগে রয়েছেন ৩৫ জন অধ্যাপক। অভিজ্ঞ শিক্ষকের এ সংকটের কারণে শিক্ষা, গবেষণা, থিসিস তদারকি এবং উচ্চ শিক্ষাভিত্তিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে পাবিপ্রবিতে মোট ২১৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে অধ্যাপক মাত্র ৩৫ জন। ব্যবসায় প্রশাসন বিভাগে সর্বোচ্চ ৭ জন এবং পদার্থবিজ্ঞান বিভাগে ৬ জন অধ্যাপক রয়েছেন। গণিত, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে রয়েছেন ৩ জন করে অধ্যাপক।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ভূগোল ও পরিবেশ, বাংলা, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যান বিভাগে রয়েছেন ২ জন করে অধ্যাপক। এ ছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), অর্থনীতি ও ইতিহাস বিভাগে রয়েছেন মাত্র ১ জন করে অধ্যাপক। অন্যদিকে, ফার্মেসি, স্থাপত্য, রসায়ন, সমাজকর্ম, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইংরেজি, লোক প্রশাসন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগে একজনও অধ্যাপক নেই। বিশেষজ্ঞরা বলছেন, একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শুধু পাঠদানই করেন না, গবেষণার নেতৃত্ব, থিসিস তদারকি, কারিকুলাম উন্নয়ন, একাডেমিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। দীর্ঘদিন ধরে এসব বিভাগে অধ্যাপক না থাকায় শিক্ষার্থীরা অভিজ্ঞ একাডেমিক নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, থিসিস ও গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় একাডেমিক দিকনির্দেশনা সবসময় পাওয়া যায় না।

উচ্চশিক্ষার প্রস্তুতি, গবেষণাপত্র প্রকাশ কিংবা গবেষণা-সংক্রান্ত পরামর্শের জন্য অনেক সময় অন্য বিভাগের শিক্ষকদের সহযোগিতা নিতে হয়। শুধু অধ্যাপকের সংকটই নয় বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক শিক্ষক সংকটও প্রকট আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র ২১৩ জন। এর মধ্যে ৬৪ জন পিএইচডিধারী। পদভিত্তিক হিসেবে বিশ্ববিদ্যালয়ে রয়েছেন ৪৭ জন সহযোগী অধ্যাপক, ৭৪ জন সহকারী অধ্যাপক এবং ৫০ জন প্রভাষক। তবে এই শিক্ষক সংখ্যার মধ্যে বর্তমানে ৫৫ জন শিক্ষা ছুটিতে রয়েছেন। এতে সীমিতসংখ্যক শিক্ষকের ওপর অতিরিক্ত একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বের চাপ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মানদণ্ড অনুযায়ী প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা। অথচ পাবিপ্রবিতে ৩৬ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, শিক্ষা ছুটিতে থাকা ৫৫ জন শিক্ষকের মধ্যে ১৭ জনের ছুটির মেয়াদ শেষ হলেও তারা এখনো কর্মস্থলে যোগদান করেননি। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, তাদের মধ্যে ৪ জনের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, যারা শিক্ষাছুটি শেষ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান করেনি তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আর যাদের কাছে বিশ্ববিদ্যালয় টাকা পাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পরবর্তী রিজেন্ট বোর্ডে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন