ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর-ধানীখোলা-ফুলবাড়ীয়া সড়কের মাত্র ২০ গজ ভাঙাচোরা অংশের কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। সামান্য এই অংশটি সংস্কার না হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। সরজমিন দেখা যায়, উপজেলার বাওয়ালিয়া পাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় হাঁটুসমান পানি জমে রয়েছে। এতে সড়কের ওই অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশের কিছু ব্যক্তি মাটি ফেলে উঁচু করে দেয়ায় পানি বের হতে না পেরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সড়কের ওই ২০ গজ অংশ এখন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ধানীখোলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, ‘মাত্র ২০ গজ রাস্তার কারণে পুরো এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
এলাকার প্রবীণ বাসিন্দা হাজী শামছুদ্দিন বলেন, ঘর থেকে বের হলেই এই ভাঙা রাস্তার দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে বৃষ্টি হলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি। অথচ আমাদের দুর্ভোগের দিকে কারও নজর নেই। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী যোবায়েত হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।
