সিরাজগঞ্জে আমরণ অনশনে ছাত্রদল নেতার পরিবার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে আমরণ অনশনে বসেছে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবার ও তার স্বজনরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা। এর আগে গত রোববার রাতে ছানোয়ার হোসেন সানু মুঠোফোনে ছাত্রনেতা জিসানকে হত্যার হুমকি ও তার বাবা সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেন। হুমকি দেয়ার কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই রেকর্ডের মন্তব্যে অনেকেই স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জিসানের মা শাপলা আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, সানু আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা ও স্বামীর পা কেটে ফেলার হুমকি দিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগও করেছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি। সে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

অনশন কর্মসূচিতে জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খোদেজা মান্নান, চাচা জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না ও বাবা সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা রয়েছেন। এর আগে একই দাবিতে সোমবার সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে তারা সংবাদ সম্মেলন করেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, মুঠোফোনে হত্যার হুমকির ঘটনায় ওই ছাত্রনেতার মা থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন