দিল্লিতে ও ভারতের বিভিন্ন রাজ্যে আটক আন্দোলনকারীদের প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি না দেওয়ায় সোমবার তেলাপোকা জনতা পার্টির পক্ষ থেকে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জানিয়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। নতুন করে বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর পরে রাতেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা সিজেপির সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে বৈঠকও হয়েছে বলে জানিয়েছে সিজেপি।
সোমবার রাত ১টা নাগাদ সিজেপির মুখপাত্র সৌরভ দাস একটি ভিডিও বার্তায় জানান, যে সমস্ত আন্দোলনকারীকে আটক বা গ্রেফতার করা হয়েছে, তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে সরকার। সৌরভ আরও জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেয়ার বিষয়েও সরকারের তরফে আশ্বাস পাওয়া গিয়েছে।
সিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের মুক্তি দেওয়া এবং এফআইআর প্রত্যাহারের বিষয়টি মঙ্গলবারের মধ্যে দেশের সব এনডিএ শাসিত রাজ্যকে জানিয়ে দেবে কেন্দ্র। সিজেপির আশা, সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আটক বা ধৃত সকলকে মুক্তি দেওয়া হচ্ছে।
