আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা, কারণ খুঁজছে দূতাবাস

আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা, কারণ খুঁজছে দূতাবাস

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের রেসিডেন্সি ভিসা হঠাৎ বাতিল হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রবাসীদের মধ্যে। কেন এমন হচ্ছে, সেটি জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মিশন।

দূতাবাসের এক বার্তায় বলা হয়, ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশির ভিসা কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাওয়ার তথ্য তাদের নজরে এসেছে। এতে বৈধ রেসিডেন্সি ভিসাধারী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।

দূতাবাস জানিয়েছে, এটি কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে, নাকি বিশেষ কোনো প্রশাসনিক সিদ্ধান্তের অংশ—তা নিশ্চিত হতে আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তায় আরও বলা হয়, বিষয়টি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই অবগত রয়েছেন এবং নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের জানানো হবে।

এদিকে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক, জাতীয় পতাকা ও দূতাবাসের ই-মেইল আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। প্রবাসীদের এসব গুজবে বিভ্রান্ত না হয়ে কেবল সরকারি ও অফিশিয়াল সূত্রের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে, যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে বাংলাদেশ দূতাবাস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন