ইসরাইল সফরের পর সৌদিতে সেন্টকম প্রধান, যুবরাজের সঙ্গে বৈঠক

ইসরাইল সফরের পর সৌদিতে সেন্টকম প্রধান, যুবরাজের সঙ্গে বৈঠক

ফন্ট সাইজ:

সৌদি আরবে সফর করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠকের পর তিনি সৌদি আরবে সফর করেন। রিয়াদে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে অংশ নেন। এতে দুই দেশের সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এর আগে রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথেও বৈঠক করেন কুপার। সৌদি প্রেস এজেন্সি জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েও কথা বলেন তারা। এই বৈঠকে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ আল-রুওয়াইলি এবং যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিয়াদ সফরের আগে তেল আবিবে ইসরাইলের জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেন্টকম প্রধান। সেখানে তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং ইসরাইলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফের সাথে সাক্ষাৎ করেন। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ওই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা এবং যুক্তরাষ্ট্রের সাথে সামরিক প্রস্তুতি ও সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।