দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, বিশেষজ্ঞ কমিটি বাজারে প্রচলিত টুথপেস্টগুলোতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, জনস্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে প্রতিবেদন দাখিল করবে।
এর আগে দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে বলা হয়, বাজারে প্রচলিত ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষায় ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা দীর্ঘমেয়াদে মানবদেহ ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
রিটের শুনানি শেষে আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় স্বাধীনভাবে তদন্তের জন্য তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। পাশাপাশি ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মাইক্রোপ্লাস্টিক হলো পাঁচ মিলিমিটারেরও ছোট আকারের প্লাস্টিক কণা, যা বিভিন্ন ভোগ্যপণ্য ও প্রসাধনী সামগ্রীতে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এবং পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

Harun-Al-Rashid
৪৯ মিনিট আগেIs there any scope to shutdown all these industries like Ad Din Hospital? Please explore to expose the intention of vested quarter.