জয়পুরহাটের কালাই পৌরশহরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য পাচারের অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ইফতারের সময় উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১২ বস্তা টিসিবি’র পণ্যসহ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কালাই পৌরশহরের ডাশপুকুর এলাকার নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে চাল, ডাল, ছোলা ও ভোজ্যতেলসহ বিভিন্ন টিসিবি পণ্য বিতরণ শেষে ১২টি প্লাস্টিকের বস্তায় ভরে একটি ভ্যানে করে অন্তত ১৫ কিলোমিটার দূরের মোসলেমগঞ্জ বাজারে নেয়া হচ্ছিল। এ সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায় এবং টিসিবি’র পণ্য শনাক্ত করে চালককে আটক করে। আটককৃত ভ্যানচালকের নাম রতন মিয়া (৪৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, কালাইয়ের ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের ঘর থেকে এসব পণ্য তুলে কামদিয়া বাজারের বেলাল উদ্দিনের বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব ছিল তার। বেলাল উদ্দিন পণ্যগুলো কিনেছেন বলেও দাবি করেন তিনি। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, ডিলার আব্দুল মতিন সরকার ঘটনাস্থলে এসে জব্দ করা পণ্য নিজের দাবি করে তা নিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতার সঙ্গে তার বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বাদশা বলেন, টিসিবি পণ্য অন্যত্র সরিয়ে নেয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া উচিত। অভিযুক্ত আব্দুল মতিন সরকার দাবি করেন, জব্দ করা পণ্য তার নিজস্ব এবং সেগুলো কোথায় যাবে সে বিষয়ে তিনি ব্যাখ্যা দিতে বাধ্য নন। এ ঘটনায় টিসিবি’র পণ্য পাচারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জব্দ করা পণ্য থানায় হেফাজতে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যারা জড়িত বলে প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালাইয়ে টিসিবি’র পণ্য পাচারের অভিযোগে ভ্যানচালক আটক
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
