ভোলার লালমোহন উপজেলায় ৬ পা নিয়ে বিরল একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন রোডের পূর্ব মাথাসংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে। বিরল এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটি এক নজর দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বাছুরের মালিক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, শুক্রবার ভোরে আমার পালিত গাভী একটি ছয় পা-বিশিষ্ট বাছুর প্রসব করে। প্রথমে অতিরিক্ত দুটি পা দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি আশ্বস্ত করেন যে, এতে কোনো সমস্যা হবে না। বাছুরটি সুস্থ এবং স্বাভাবিকভাবেই বড় হতে পারবে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে ছয়টি পা থাকলেও বাছুরটির স্বাভাবিক বৃদ্ধি ও চলাফেরায় কোনো সমস্যা হবে না। এছাড়া বাছুরটি বড় হলে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দুটি পা অপসারণ করা যাবে।
লালমোহনে ৬ পা নিয়ে বিরল বাছুরের জন্ম
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
