ধামরাইয়ে একইসঙ্গে দুর্ঘটনার কবলে চারটি যানবাহন, নিহত ২

ধামরাইয়ে একইসঙ্গে দুর্ঘটনার কবলে চারটি যানবাহন, নিহত ২

ফন্ট সাইজ:

ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিকল যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি যানবাহন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপর জন হলেন সুজয় সাহা। সে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ড ভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দু’টিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার এসআই শাহাদাত হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন