ভারতে ৪৭ কর্মকর্তা বরখাস্ত, ফৌজদারি মামলা, পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কার শুরু

ককরোচ আন্দোলন

ভারতে ৪৭ কর্মকর্তা বরখাস্ত, ফৌজদারি মামলা, পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কার শুরু

ফন্ট সাইজ:

ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে (এনটিএ) বড় ধরনের শুদ্ধি অভিযান চালিয়ে ৪৭ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা পরিচালনায় অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। নিট-ইউজি (এনইইটি-ইউজি) পুনঃপরীক্ষা বিতর্কের পর এটি ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি নির্বাহী হস্তক্ষেপ। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। 

ওদিকে পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইন, ২০২৪-এর আওতায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে একটি বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছে। এখন থেকে প্রশ্নফাঁস সংক্রান্ত সব মামলাই এই বিশেষ আদালতে পাঠানো হবে। দিল্লি হাইকোর্টের বিজ্ঞপ্তি পাওয়ার পর আদালতের মধ্যস্থতা কেন্দ্রের দায়িত্বে থাকা বিচারক অনু গ্রোভার বালিগাকে রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

এক্সে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সরকার নির্দেশ দিয়েছে। ওদিকে, প্রশ্নফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা নিতে পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইন, ২০২৪-এ সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সরকার জানিয়েছে, বিদ্যমান শাস্তিমূলক বিধান আরও শক্তিশালী করতে সংশোধনী বিলটি শনিবার সংসদে উপস্থাপন করা হবে। এনটিএতে শুদ্ধি অভিযানের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়েও বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। নরেশ পাল গাঙ্গওয়ারকে উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা বিভাগের নতুন সচিব করা হয়েছে। উচ্চশিক্ষা বিভাগের বিদায়ী সচিব বিনীত জোশীকে পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

এদিকে রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যেই এসব প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক সরকারের আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তার ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন। বিতলভাই প্যাটেল হাউসে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা জানান, সরকার সিজেপির উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করেছে এবং শনিবার বিকেলের নির্ধারিত বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্বাহী জবাব উপস্থাপন করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন