কঠিন গ্রুপে বাংলাদেশ

এশিয়ান গেমস হকি

কঠিন গ্রুপে বাংলাদেশ

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসের হকি ইভেন্টের গ্রুপ পর্ব নির্ধারিত হয়েছে। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এবারের আসরে পুরুষ ও নারী উভয় বিভাগে খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো মূল পর্বে খেলবে লাল-সবুজ মেয়েরা। পুরুষ বিভাগে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী- স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। অন্যদিকে, পাকিস্তান পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী- মালয়েশিয়া, চীন, ওমান, উজবেকিস্তান ও থাইল্যান্ড। ফলে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানকে এবার দেখা যাবে না। নারী বিভাগে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ- চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে আছে- ভারত, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও উজবেকিস্তান।

১৮ই সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পুরুষ দল। এরপর ২২শে সেপ্টেম্বর স্বাগতিক জাপান, ২৪শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজ প্রতিনিধিরা। ২৬শে সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮শে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়বেন আশরাফুল-সিতুলরা। নারী দলের অভিযান শুরু ২০শে সেপ্টেম্বর। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে খেলবে তারা। ২১শে সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। এরপর ২৩শে সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২৫শে সেপ্টেম্বর কাজাখস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭শে সেপ্টেম্বর চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। বাকিরা লড়বে র‌্যাঙ্কিং নির্ধারণী ম্যাচে। টুর্নামেন্ট চলবে ১৮ই সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত। ম্যাচগুলো হবে গিফু প্রদেশের কাকামিগাহারায় অবস্থিত গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে। নারী বিভাগের ফাইনাল ২রা অক্টোবর আর পুরুষ বিভাগের ফাইনাল হবে ৩রা অক্টোবর। ১৯৭৮ সালে ব্যাংকক আসরের মাধ্যমে এশিয়ান গেমস হকিতে পুরুষ দলের অভিষেক হয়। এরপর নিয়মিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে পদকের স্বাদ এখনো অধরা। সর্বোচ্চ প্রাপ্তি ষষ্ঠ স্থান। ১৯৭৮ ও ২০১৮ সালে এ কীর্তি গড়ে বাংলাদেশ। নারী দলের জন্য গল্পটা একেবারেই নতুন। এতদিন মূল পর্বে সুযোগ না পাওয়া বাংলাদেশ নারী হকি দল এবারই প্রথম আইচি-নাগোয়া আসরে জায়গা করে নিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন