ক্রিকেটে বালক বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী, বালিকায় ঢাকা

নতুন কুঁড়ি স্পোর্টস

ক্রিকেটে বালক বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী, বালিকায় ঢাকা

ফন্ট সাইজ:

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ক্রিকেট ইভেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী অঞ্চল এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে ঢাকা অঞ্চল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বালক বিভাগের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহী। এই বড় সংগ্রহের নেপথ্যে ছিল ম্যাচসেরা মোহাম্মদ শারাফাত সাদিদ। মাত্র ২৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে সে। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর। মাঝপথে বৃষ্টি নামলে খেলা নেমে আসে ৩ ওভারে এবং ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান।

সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় রংপুর, ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে থামে মাত্র ২৭ রানে। শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী। অন্যদিকে, বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল নেমে আসে ৫ ওভারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ঢাকা। নুসরাত জাহান জুথির বোলিংয়ে ফেরেন রওনক জাহান নওশিন ও উইকেটকিপার আফরোজা জাহান মিম। এরপর হাল ধরেন অধিনায়ক আফনান জামান আথাই, যিনি ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ৪ উইকেটে ৪৮ রানে।

জবাবে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। বোলার রিয়া মনি ইনিংসের পঞ্চম বলেই ফেরান অধিনায়ক নাদিয়া আক্তারকে, এরপর তৃতীয় ওভারে তুলে নেন সাদিয়া আফরিন জান্নাতের উইকেটও। পাশাপাশি টানা তিনটি রানআউটে পুরোপুরি ভেঙে পড়ে ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ, একপর্যায়ে ২০ রানে হারায় ৬ উইকেট। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রিয়া মনি।

ব্যাডমিন্টনে খুলনার রাহমার ডাবল ক্রাউন
ব্যাডমিন্টনে আলো ছড়িয়েছেন খুলনার উদীয়মান শাটলার রাহমা জান্না। বালিকা একক এবং বালিকা দ্বৈত- উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে অর্জন
করেছেন ‘ডাবল ক্রাউন’। বালিকা এককের ফাইনালে কুমিল্লার নুসরাত জাহানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেটে ২১-১৭ পয়েন্টে জেতার পর দ্বিতীয় সেটেও স্নায়ুচাপ ধরে রেখে ২২-২০ পয়েন্টে রোমাঞ্চকর জয় তুলে নেন রাহমা। এককের সাফল্যের ধারাবাহিকতায় দ্বৈত বিভাগেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি। বালিকা দ্বৈতের ফাইনালে ফরিদপুরের আয়শা খানম ও হোমায়রা হাসান জুটিকে সরাসরি সেটে ২১-১১ ও ২১-১৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেন রাহমা জান্না ও তাসনিয়া ইসলাম জুটি। বালক এককের ফাইনালে খুলনার শেখ মোহাম্মদ তানভীরকে ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা। তবে এককের হারের আক্ষেপ দ্রুতই ঘুচিয়ে নেন তানভীর। বালক দ্বৈতের ফাইনালে চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা ও প্রানন চাকমা জুটিকে ২১-১৭ ও ২১-১১ পয়েন্টে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় খুলনার শেখ মোহাম্মদ তানভীর ও রিফাতুল ইসলাম জুটি।

কাবাডি বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর
কাবাডি বালক বিভাগে ৩৮-৩৫ পয়েন্টে রংপুরকে হারিয়ে সিলেট চ্যাম্পিয়ন। আর খুলনাকে ৫৩-২৯ পয়েন্টে হারিয়ে কাবাডি বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রংপুর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন