২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনা করলেন মোদি

২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, সুস্থতা কামনা করলেন মোদি

ফন্ট সাইজ:

ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবির সমর্থনে অনশনে বসেছিলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ২৬ দিনের টানা অনশন ভেঙেছেন তিনি। এদিকে অনশন ভাঙার পরপরই সুস্থতা কামনা করে এক্সে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রশ্নফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির সমর্থনে অনশনে বসেছিলেন ওয়াংচুক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সোনম ওয়াংচুক বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে অবশেষে আমি অনশন ভেঙেছি। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য ব্যক্তিগতভাবে এসে কিংবা চিঠির মাধ্যমে আমাকে অনশন ভাঙার অনুরোধ জানান। মূলত বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য সহিংসতার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।’

শর্তগুলোর বিস্তারিত শিগগিরই একটি আলাদা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার কথা জানান সোনম ওয়াংচুক। সেই সঙ্গে কোথাও যেন কোনো ধরনের সহিংসতা না ছড়ায়, সে বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে সোনম ওয়াংচুক অনশন ভাঙার পরপরই এক্সে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদি। পোস্টে তিনি বলেন, ‘আমি সোনমজিকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত আগের ওজন ফিরে পাওয়ার অনুরোধ জানাচ্ছি।’

সোনমের সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন নরেন্দ্র মোদি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন