দখলমুক্ত হয়নি চন্দ্রগঞ্জ বাজারের ফোর লেন প্রকল্পের সরকারি জমি

দখলমুক্ত হয়নি চন্দ্রগঞ্জ বাজারের ফোর লেন প্রকল্পের সরকারি জমি

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে নির্মাণাধীন ফোর লেন মহাসড়ক প্রকল্পের কাজ ধীরগতিতে এগোনোর কারণে জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। প্রতিদিন তীব্র যানজট, ধুলাবালি ও দীর্ঘ সময় সড়কে আটকে থাকার কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় চৌমুহনী চৌরাস্তা, কেন্দুরবাগ, বাংলাবাজার ও চন্দ্রগঞ্জ পূর্ব-বাজার এলাকায় কয়েক মাস আগেই সড়ক সমপ্রসারণের জন্য প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মূল অংশে এখনও একই ধরনের উচ্ছেদ অভিযান শুরু না হওয়ায় প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং দুর্ভোগ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

তাদের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে প্রকল্পের নকশা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার পথও সহজ হবে। স্থানীয়দের ভাষ্য, একটি জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবার ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা জরুরি। সরকারি জমি দখলমুক্ত করতে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি উচ্ছেদের কারণে ক্ষতিগ্রস্ত বৈধ ব্যবসায়ীদের জন্য প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

তাদের মতে, ফোর লেন প্রকল্প শুধু একটি সড়ক উন্নয়ন উদ্যোগ নয়; এটি লক্ষ্মীপুর- নোয়াখালী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই কোনো ধরনের বৈষম্য, প্রভাব বা অনিয়মের অভিযোগের সুযোগ না রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের ভিত্তিতে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রকল্প কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের আহ্বান, সরকারি জমি দ্রুত দখলমুক্ত করে আইনানুগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, ক্ষতিগ্রস্তদের জন্য নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত এবং ফোর লেন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হোক। তাদের বিশ্বাস, এতে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান ঘটবে এবং চন্দ্রগঞ্জসহ এ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ স্বস্তি ফিরে পাবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন