সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যাচ্ছে না নির্বাচনকালীন সমঝোতার দল খেলাফত মজলিস। সমাবেশে যোগ দেয়ার পরিবর্তে তারা জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জেলা কমিটির আয়োজনে সমাবেশ ও গণমিছিল করবে। আজ নগরীতে তারা আলাদা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, বিকাল ৩টায় নগরের রেজিস্ট্রি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আবুল হাসান এমপি। খেলাফত জেলার সভাপতি মাওলানা নেহাল আহমদ এতে সভাপতিত্ব করবেন। মাওলানা নেহাল গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন, খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যে থাকবে কী না সেটি নিয়ে ২৫শে জুলাই ঢাকায় কেন্দ্রীয় শূরা সদস্যদের নিয়ে বৈঠক করা হবে।
বৈঠকে নির্ধারিত হবে খেলাফত মজলিস ১১ দলে সঙ্গে আছে কী না। এবার কেবল চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশে খেলাফত মজলিসের একজন নায়েবে আমীর উপস্থিত ছিলেন। অন্য কোনো সমাবেশে দলের কেউ অংশ নেননি। তিনি জানান, নির্বাচনকালীন যেটি হয়েছিল সেটি ঐক্য ছিল না, সেটি নির্বাচনকালীন সমঝোতা ছিল। নতুন করে সিদ্ধান্ত নিয়ে কোনো জোট হয়নি। ফলে নির্বাচনকালীন সমঝোতা নিয়ে বর্তমান সময়ে ঐক্য থাকা কতোটুকু যুক্তিযুক্ত সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। এ কারণে সিলেটের সমাবেশেও দলটির নেতারা অংশ নেবেন না।
এ ছাড়া সিলেটের সমাবেশের দিন ঢাকায় খেলাফত মজলিসের শূরা বৈঠক থাকায় দলটির সিনিয়র নেতারা ঢাকায় অবস্থান করবেন বলে জানান তিনি। উল্লেখ্য, আগামী ২৫শে জুলাই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমীরসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
