জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে দূর দেশে পাড়ি জমিয়েছিলেন মিল্লাত হোসেন (৪২)। স্বপ্ন ছিল হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু কর্মস্থলের একটি দুর্ঘটনায় ধূলিসাৎ হয়ে গেল সব স্বপ্ন, চিরতরে থেমে গেল তার জীবন প্রদীপ। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় ১০ বছর আগে তিনি প্রবাস জীবনে পা রাখেন এবং কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন অঝোরে কেঁদে বলেন, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ভাইটা দীর্ঘদিন ধরে প্রবাসে রক্ত পানি করা পরিশ্রম করছিল। আজ (গতকাল) কাজের সময় ১০ তলার উপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, এমন খবর পাবো তা স্বপ্নেও ভাবিনি। দুর্ঘটনার খবর রামগঞ্জে পৌঁছালে নিহতের স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়।
পুরো হাসনাবাদ এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিকে প্রবাসী এই শ্রমিকের নিথর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন শোকাহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
