মাগুরার শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে নিজের শিশুসন্তান ও স্ত্রীকে বাঁচাতে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অপূর্ব শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ছিটকে পড়েন। পরে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে আসেন অপূর্ব।
এ সময় স্ত্রী-সন্তানকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শালিখা থানার ওসি আশিকুর রহমান বলেন, খবরটি শুনেছি। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। এদিকে অপূর্বর মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
