সরাইল অফিসার্স ক্লাবে চুরি

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অফিসার্স ক্লাবের অফিসে চুরি হয়েছে। গতকাল দিবাগত গভীর রাতে উপজেলা প্রশাসন পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্বাহী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত এক/দেড় বছরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পাবলিক লাইব্রেরিসহ ৮-১০টি সরকারি অফিসে চুরি হয়েছে। এভাবে নিয়মিত চুরির জন্য উপজেলা চত্বরের অরক্ষিত অবস্থাকে দায়ী করছেন সংশ্লিষ্ট প্রশাসন। ইউএনও’র দপ্তর সূত্র জানায়, উপজেলা চত্বরের দক্ষিণ পাশে অবস্থিত অফিসার্স ক্লাবের অফিসটি।

এর সামনে দুই জায়গায় রয়েছে দুটি ফটক। তারপরও দুই ফটক পেরিয়ে ক্লাবের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। অফিসের ৪৮ ইঞ্চি টিভি ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এর কিছুদিন আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রবেশ করে বেশ কয়েকটি বৈদ্যুতিক সিলিং ফ্যান ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়। পাবলিক লাইব্রেরির আড়াই হাজার বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও চুরি হয়েছে।

এভাবে সরাইল উপজেলা চত্বরের সরকারি বিভিন্ন অফিসে নিয়মিতই চুরির ঘটনা ঘটছে। এদিকে ক্লাবের অফিস চুরির ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ইউএনও মো. সাইফুল ইসলাম। চুরি হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, এখানে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত চুরি হওয়ার পেছনে উপজেলা চত্বরের অরক্ষিত অবস্থা দায়ী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন