সিলেটে অপহৃত তরুণী নেত্রকোণা থেকে উদ্ধার

ফন্ট সাইজ:

সিলেটে অপহৃত তরুণী নেত্রকোণা থেকে উদ্ধার করা হয়েছে। ওই তরুণী এবারের এসএসসি পরীক্ষার্থী। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত জয় দাস নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার শিবপুর গ্রামের হরিধন দাসের ছেলে। র‌্যাব জানায়, সিলেটের জালালাবাদ থানাধীন করেরপাড়া এলাকার বাসিন্দা ওই তরুণী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রধান আসামি জয় দাস প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি তরুণী তার পরিবারকে জানালে তার বাবা অভিযুক্তের ভগ্নিপতি রিংকু দাসের কাছে অভিযোগ করেন। গত ১৬ই জুলাই দুপুর ৩টার দিকে ভিকটিম হাওলাদারপাড়ায় তার খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি সেখানে না পৌঁছায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে প্রতিবেশীরা জানান করেরপাড়া পয়েন্ট এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় জয় দাস ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে গেছেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৯।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার র‌্যাব-৯ ও এসএমপি পুলিশের একটি যৌথ দল নেত্রকোণার খালিয়াজুরী থানার মুরাদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মামলার প্রধান আসামি জয় দাসকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন