রাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার দুপুরে চারঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শ্রীখণ্ডী গ্রামের বাসিন্দা ওই তরুণী স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের এক যুবক কিছু একটা দেখানোর নামে তাকে একটি আমবাগানে নিয়ে যায়।
সেখানে আগে থেকে অপেক্ষা করা আরও দুই যুবকসহ তিনজন তরুণীকে পার্শ্ববর্তী নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। অভিযুক্তরা হলেন- উপজেলার শ্রীখণ্ডী এলাকার আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান (১৬)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর কিছুদিন আগে বিয়ে হয়। তার স্বামী ঢাকায় পোশাক কারখানায় (গার্মেন্টস) কর্মরত থাকায় তরুণী মায়ের সঙ্গেই বসবাস করছিলেন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিস্তারিত জানালে বুধবার সকালে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চারঘাট থানায় এসে অভিযুক্ত ৩ জনের নাম উল্লেখ করে লিখিত এজাহার জমা দেন। এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
